দোমাহানি-কেলেজোড়ায় হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত
দোমাহানি কেলেজোড়ার কল্যাণ ভবনে আজ অনুষ্ঠিত হল ২০২৬ সালের হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির। হাজার মুসলিম সমাজের উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন, যারা এ বছর পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনা নগরীতে যাচ্ছেন।

শিবিরে উপস্থিত হজযাত্রীদের হজের বিভিন্ন নিয়ম-কানুন, করণীয় ও ধর্মীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির অভিজ্ঞ প্রশিক্ষক মুফতি মজিবুর রহমান, খলিল মল্লিক এবং ইমাম উদ্দিন প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, পশ্চিম বর্ধমান জেলা থেকে এ বছর মোট প্রায় ১৮৩ জন পুরুষ ও মহিলা হজযাত্রী হজ পালনের জন্য যাচ্ছেন। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা কিছুটা কম, তবুও প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
হাজার মুসলিম সমাজের সম্পাদক আব্দুল কাইয়ুম জানান, ২০১৮ সাল থেকে সংস্থার উদ্যোগে নিয়মিতভাবে এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়ে আসছে, যা হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হয়েছে।
এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হাজী আব্দুর রহিম, সহ-সভাপতি সেক কামরুদ্দীন, প্রাক্তন সভাপতি হাজী নজরুল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিবিরটি হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠুভাবে হজ পালন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।










