পরিহারপুরে DYFI-এর শাখা কমিটি গঠন, যুবসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা
পরিহারপুরে কমরেড বিকাশ চৌধুরী স্মৃতিভবনে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড রাজেন বাউরী।
সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্যের DYFI পরিহারপুর শাখা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে কমরেড বিধান দে, সম্পাদক হিসেবে কমরেড আব্দুল রউফ এবং কোষাধ্যক্ষ হিসেবে শেখ নজমুল মণ্ডল নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন DYFI জেলা কমিটির সম্পাদক কমরেড ভিক্টর আচার্য, লোকাল কমিটির সম্পাদক কমরেড অরুণাভ মুখার্জী, কমরেড বুদ্ধদেব রজক, বিকাশ যাদব, প্রদীপ বাউরী, রচনা দাস স্থানীয় গণআন্দোলনের নেতা আব্দুল কাইয়ুম-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় এলাকার যুবসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জামুড়িয়া শিল্পাঞ্চলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠানে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং যুবসমাজকে সংগঠিত করে গণআন্দোলনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা বলেন, এলাকার যুবকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবিতে DYFI আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন গণমুখী কর্মসূচি গ্রহণ করবে। সভার শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।










