কুলটি বিধানসভার নিয়ামতপুর–ইস্কো রোডের বেহাল রাস্তার জরুরি মেরামত, স্বস্তি পেলেন সাধারণ মানুষ
কুলটি: কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর–ইস্কো রোড, যা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক, দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে ছিল। প্রতিদিন এই রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী ট্রাক, বাস, স্কুলগাড়ি এবং হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। রাস্তার দুরবস্থার কারণে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। বিশেষ করে বর্ষাকালে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। বিষয়টি কুলটির দু’বারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য ডাঃ অজয় কুমার পোদ্দার-এর নজরে আনা হলে, তাঁর নির্দেশ ও উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও কর্মীদের সহযোগিতায় অবিলম্বে রাস্তার জরুরি মেরামতের কাজ সম্পন্ন করা হয়। ফলে রাস্তাটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।
এই উদ্যোগের ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, সাধারণ যাত্রী, বাস ও পুরুলিয়া থেকে নিয়ামতপুর এবং ইস্কো রোড হয়ে চলাচলকারী ভারী পণ্যবাহী যানবাহনের যাতায়াত অনেকটাই নিরাপদ ও স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশে কমেছে।
এ প্রসঙ্গে কুলটি বিধানসভার সহ-সভাপতি এবং আসানসোল জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ টিঙ্কু ভার্মা বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন। মাননীয় মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের দিকনির্দেশনায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় দ্রুত রাস্তার মেরামত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের সমস্যা সমাধানে আমরা একইভাবে কাজ করে যাব।”
এদিন উপস্থিত ছিলেন ডাঃ আবরার আহমেদ, রবি সিং, বান্টি সিং, সঞ্জীব যাদব, সঞ্জয় কেশরী, সুকান্ত কর্মকার, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী গুড্ডু গুপ্তা, মোহাম্মদ নওশাদ, ট্রাফিক বিভাগের বড়বাবু, এএসআই, নিয়ামতপুর থানার বড়বাবুসহ বহু স্থানীয় কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস্তা মেরামতের কাজে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।










